ফটোজিয়ামে সাদা-কালো মুখচ্ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে শুরু হয়েছে নাসির আলী মামুনের ৫৭তম একক আলোকচিত্র প্রদর্শনী ‘ফটোজিয়াম’। উদ্বোধনী দিনে বিশিষ্ট অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখছেন। ছবি: জাহিদুল করিম
মঙ্গলবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে শুরু হয়েছে নাসির আলী মামুনের ৫৭তম একক আলোকচিত্র প্রদর্শনী ‘ফটোজিয়াম’। উদ্বোধনী দিনে বিশিষ্ট অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখছেন। ছবি: জাহিদুল করিম

সম্বল তাঁর ধার করা ক্যামেরা। সেও মাত্র দুই কি তিন ঘণ্টার জন্য। নাসির আলী মামুনের আলোকচিত্র চর্চা শুরু এভাবেই। পরে নিজের ক্যামেরা হলো। ১৯৭২ সালের পর শুরু করলেন ‘পোর্ট্রেট ফটোগ্রাফি’। একসময় দেশ-বিদেশের বহু খ্যাতিমানের মুখচ্ছবি নিজের ক্যামেরায় ধারণ করলেন তিনি। সাদা-কালো ফ্রেমে উঠল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জননেতা আবদুল হামিদ খান ভাসানীসহ অসাধারণ সব মানুষের মুখচ্ছবি।

৫০ বছর ধরে তোলা সেই সব আলোকচিত্রের ১২৩টি ফ্রেমবন্দী করা হয়েছে। বিদেশিদের মধ্যে আছেন নোবেলজয়ী মাদার তেরেসা, বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, সাহিত্যিক গুন্টার গ্রাসসহ আরও অনেকেই। এসব ছবি সবার দেখার জন্য রাখা হয়েছে গ্যালারিতে।

মঙ্গলবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে শুরু হয়েছে নাসির আলী মামুনের ৫৭তম একক আলোকচিত্র প্রদর্শনী ‘ফটোজিয়াম’।

বিকেলে এর উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ‘সাদা-কালো ছবির প্রধান দেখার বিষয় হচ্ছে আলো ও ছায়ার খেলা। রঙিন ছবির চাইতে সেগুলোর স্থায়িত্বও বেশি। আসল কথা হচ্ছে যার প্রতিকৃতি তোলা হচ্ছে, তাঁর চরিত্র ফুটিয়ে তোলা শিল্পীর চোখ ও হাতের দক্ষতার ব্যাপার। মামুনের ছবির সার্থকতা হচ্ছে, সব ছবিতেই তিনি ছবির মানুষটির ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য বাস্তব করে তুলেছেন।’

অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মামুনের মতো এমন মানুষগুলো আছেন বলেই পৃথিবী সুন্দর। যে মানুষ ছবি আঁকেন, কবিতা লেখেন, সাহিত্য রচনা করেন, সেই মানুষগুলোর সবার মধ্যেই কমবেশি পাগলামি আছে। তাঁরা আছেন বলেই পৃথিবীতে নতুন কিছু সৃষ্টি হয়, আমরা সৌন্দর্য উপভোগ করতে পারি এবং পৃথিবী সুন্দর হয়ে উঠবে—সে রকম একটি আশাবাদ নিয়ে বেঁচে থাকি।’

ছবি তোলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নাসির আলী মামুন বলেন, প্রথম দিকে ছবি তুলতে গেলে লোকে সন্দেহ করতেন। পরে এই অবস্থা বদলেছে। বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গণভবন বা বঙ্গভবনে যেতে তখন আইডি কার্ড লাগত না। শুধু একটা ক্যামেরাই যথেষ্ট ছিল।

অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। মতিউর রহমান বলেন, ‘মামুন ছবি তোলে প্রায় ৫০ বছর। এই তথ্যটি আমাদের কাছে একটি বিশেষ গুরুত্ব বহন করে। কেউ যখন একটি বিশেষ বিষয়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকেন, তখন তা একটি অন্য মাত্রা পায়। এই প্রদর্শনীতে আমরা বাংলাদেশের সেরা শিল্পী-কবি-গায়ক-লেখক-চিন্তাবিদ এবং বাংলাদেশের বাইরে ভারত ও বিশ্বব্যাপী সেরা ব্যক্তিদের ছবি দেখতে পাব।’

আবুল খায়ের বলেন, ‘প্রদর্শনীটি দেখে বিস্মিত হয়েছি। ছবি সাজানো একটা গুরুত্বপূর্ণ জিনিস। সাধারণ ছবিও সাজানোর গুণে অসাধারণ হয়ে ওঠে। যিনি এই কাজটি করছেন, তাঁর যদি বুদ্ধিমত্তা থাকে, তিনি যদি জানেন কীভাবে কাজটি করতে হয়, তাহলে সেটা ভালো হয়। এ দিকটিতে নজর দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ।’

প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাককে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। প্রদর্শনী চলবে আগামী ৩ মে পর্যন্ত।