ফটোসাংবাদিক জহিরুল হক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ ফটোসাংবাদিক জহিরুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন জহিরুল হক৷ তিনি মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি তুলেছেন ও সংগ্রহ করেছেন৷ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন৷
খ্যাতিমান এই ফটোসাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংগঠন, সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়ন ও ফোরাম মরহুমের বিদেহি আত্মার শান্তি কামনা করেছে।
জহিরুল হক স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের কন্যা হাফিজা জহির জানান, বিমানে আজ সোমবার বিকেল চারটায় জহিরুল হকের মরদেহ ঢাকায় পৌঁছাবে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ জানান, প্রেসক্লাব চত্বরে তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হবে, বাদ মাগরিব সেখানে অনুষ্ঠিত হবে জানাজা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সংগঠন জহিরুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে৷