ফটোসাংবাদিকের জামিন ফের নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত বিজয় দাশ
অনন্ত বিজয় দাশ

বিজ্ঞানবিষয়ক লেখক, ব্লগার ও ব্যাংকার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ‘সন্দিগ্ধ আসামি’ ফটোসাংবাদিক ইদ্রিস আলীর জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে সিলেট মহানগর হাকিম আদালতে (দ্বিতীয়) জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারক ফারহানা ইয়াসমিন জামিন নামঞ্জুর করেন।
এর আগে ১৭ জুন একই আদালতে ইদ্রিসের জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর হয়।
ফটোসাংবাদিক ইদ্রিস আলী (২৪) জাতীয় দৈনিক সংবাদ ও সিলেটের স্থানীয় দৈনিক সবুজ সিলেট-এর আলোকচিত্রী। ৭ জুন ইদ্রিসকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আটক করে। পরদিন ওই মামলার ‘সন্দিগ্ধ আসামি’ দেখিয়ে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। সিআইডির একটি বিশেষজ্ঞ দল (অর্গানাইজড ক্রাইম) ইদ্রিসকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। ১৫ জুন আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। সাত দিনের রিমান্ডে ইদ্রিসের কাছ থেকে মামলার তদন্ত অগ্রগতি হয়—এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে সিআইডি সূত্র জানায়।
গত ১২ মে সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হয়ে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মাড়ে দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হন অনন্ত বিজয় দাশ (৩২)।