ফড়িয়াদের নিয়ন্ত্রণে পাটের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আওতাভুক্ত পাট ক্রয়কেন্দ্রগুলো বেড়ায় পাট কেনা শুরু করলেও সেগুলোতে প্রাণচাঞ্চল্য নেই। পাট বিক্রেতাদের গত বছরের পাওনা শোধ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বকেয়া না পাওয়ায় আর্থিক সংকটের কারণে প্রকৃত পাট ব্যবসায়ীরা হাটে যাচ্ছেন না। এ অবস্থায় পাটের বাজার চলে যাচ্ছে ফড়িয়া ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। এরই জেরে পাটের দাম কমতে থাকায় লোকসান গুনছেন কৃষকেরা।
জানা যায়, বেড়ায় বিজেএমসির আওতাভুক্ত লতিফ বাওয়ানি জুট মিলস লিমিটেড, আমিন জুট মিলস লিমিটেড ও গুল আহমেদ জুট মিলস লিমিটেডের পাট ক্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে গত ক্রয় মৌসুমে (২০১৩-১৪) আমিন জুট মিলসের এক কোটি ৪০ লাখ টাকা, গুল আহমেদ জুট মিলসের (বেড়া ও নাজিরগঞ্জ) এক কোটি ৭১ লাখ টাকা ও লতিফ বাওয়ানি জুট মিলসের ৫৬ লাখ টাকা বকেয়া থেকে যায়। মোট বকেয়ার পরিমাণ তিন কোটি ৬৭ লাখ টাকা। গত এক মাসের বিভিন্ন তারিখে ক্রয়কেন্দ্রগুলোতে পাট কেনা শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরাবরের মতো এবারও ক্রয়কেন্দ্রগুলো বাকিতে পাট কেনা শুরু করেছে। গত বছরের পাওনা না-পাওয়ায় চলতি মৌসুমে ক্রয়কেন্দ্রগুলোতে বাকিতে পাট বেচতে ভরসা পাচ্ছেন না বিক্রেতারা। এ ছাড়া আর্থিক সংকটের কারণে হাটে গিয়ে তাঁরা পাট কিনতেও পারছেন না। ফলে উপজেলার পাট ক্রয়কেন্দ্রগুলো বিক্রেতাদের কাছ থেকে পাট পাচ্ছে না।
১৬ আগস্ট বেড়ার করমজা হাটে গিয়ে প্রচুর পাট দেখা গেলেও ক্রেতার সংখ্যা কম ছিল। হাটের কৃষক ও ব্যবসায়ীরা জানান, ১৫ দিন আগে নতুন পাট এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকা প্রতি মণ বিক্রি হয়েছে। অথচ ১৬ আগস্ট তা মণপ্রতি ২০০ টাকা কমে বিক্রি হতে দেখা গেছে।
পাট বিক্রি করতে আসা কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতি মণ পাট কমপক্ষে এক হাজার ৮০০ টাকায় বেচতে না পারলি কৃষকের লাভ থাকপি না। বর্তমানে পাটের দাম যে জায়গায় আইছে, তাতে কৃষকের লোকসান হবি।’
বেড়া পৌর এলাকার পাটপট্টিতে রয়েছে পাটের গুদাম ও বিজেএমসির বিভিন্ন পাট ক্রয়কেন্দ্র। ১৬ আগস্ট সেখানে গিয়ে প্রাণচাঞ্চল্য চোখে পড়েনি। অথচ অন্যান্য বছর এ সময় সেখানে কর্মমুখর পরিস্থিতি থাকে বলে পাট ব্যবসায়ীরা জানান। পাট ক্রয়কেন্দ্রগুলোর কর্মকর্তারা জানান, এ পর্যন্ত যে পরিমাণ পাট কেনা হয়েছে, তা একেবারেই নগণ্য।
গুল আহমেদ জুট মিলস লিমিটেডের পাট ক্রয় কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘গত বছরের পাওনা শোধ করতে না পারায় ব্যবসায়ীরা পাট সরবরাহে তেমন সাড়া দিচ্ছেন না। এ জন্য পাট কেনায় ধীরগতি চলছে।’ আমিন জুট মিলস লিমিটেডের পাট ক্রয় কর্মকর্তা শাহ আলম বলেন, ‘গত বছরের পাওনা টাকার জন্য বিক্রেতারা প্রতিনিয়ত আমাদের চাপ দেন। পাওনা শোধ না করলে প্রত্যাশিত পাট পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’
বেড়া বাজারের পাট ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘আমার যে টাকা আটকা পড়ে আছে, তার পুরোটাই ব্যাংক থেকে নেওয়া ঋণ। এক বছর ধরে এই ঋণের সুদ শোধ করতে গিয়ে চোখে অন্ধকার দেখছি। এ অবস্থায় আমার মতো কোনো ব্যবসায়ীরই গুদামে পাট সরবরাহের উপায় নাই।’
বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী ও পাটচাষি সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ বলেন, বকেয়া না পাওয়ায় প্রকৃত ব্যবসায়ীরা পাট কিনতে হাটে যেতে পারছেন না। এতে পাটের দাম কমতির দিকে বলে কৃষকদের লোকসান হচ্ছে। টাকার অভাবে বিজেএমসি পাট কিনতে পারছে না। এই সুযোগে বেসরকারি পাটকল ও ফড়িয়া ব্যবসায়ীরা কম দামে পাট কিনছেন ও বাজার নিয়ন্ত্রণ করছেন।