ফণিভূষণ ও নববিক্রম সচিবের পদমর্যাদা পেতে যাচ্ছেন
পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শক ফণিভূষণ চৌধুরী ও নববিক্রম ত্রিপুরা সচিবের পদমর্যাদা পাচ্ছেন। এ দুই কর্মকর্তার মধ্যে ফণিভূষণ চৌধুরীকে সচিবের মর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও নববিক্রম কিশোর ত্রিপুরাকে প্রথম শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এ দুই পুলিশ কর্মকর্তার পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।সূত্র জানায়, হাসান মাহমুদ খন্দকারকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়ার পর নববিক্রম ত্রিপুরা ১০ দিন ও ফণিভূষণ চৌধুরী প্রথম দফা সাত দিন ছুটির আবেদন করেছিলেন। তাঁরা নতুন আইজির কোনো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। আইজি হওয়ার তালিকায় ওই দুজনের নামও আলোচনায় ছিল। নববিক্রম কিশোর ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের প্রশাসনের দায়িত্বে থাকা অবস্থায় ২৬ বার ভারপ্রাপ্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ দুই কর্মকর্তাকে সচিবের পদমর্যাদায় নিয়োগ দেওয়ার জন্য ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা পৃথক দুটি সুপারিশ করেন। সুপারিশে নববিক্রম কিশোর ত্রিপুরার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাঁকে প্রথম শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়।প্রস্তাবে ফণিভূষণ চৌধুরীকে ‘পুলিশ সমন্বয়ক’ হিসিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ করার কথা বলা হয়েছে। এ পদটি হবে সচিব পদমর্যাদার। এ জন্য একটি নতুন পদ সৃষ্টিরও প্রস্তাব করা হয়েছে। ফণিভূষণ চৌধুরী পুলিশ বাহিনীর নিয়োগ ও প্রশিক্ষণের বিষয়টি দেখভাল করবেন। এ ছাড়া স্পর্শকাতর মামলার তদন্ত তদারক করবেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েই বসবেন। পুলিশ বাহিনীতে বর্তমানে আইজি হলেন একমাত্র সচিব পদমর্যাদার কর্মকর্তা।জানতে চাইলে ফণিভূষণ চৌধুরী ও নববিক্রম ত্রিপুরা প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি শুনেছেন।