মুক্তিযোদ্ধা ও প্রয়াত পুলিশ কর্মকর্তা ফণীভূষণ চৌধুরীকে একজন কর্মনিষ্ঠ ও মানবতাবাদী হিসেবে উল্লেখ করে তাঁর সতীর্থ ও সহকর্মীরা বলেছেন, তাঁর চিন্তা ও কর্মোদ্যোগ সবাইকে পথ দেখাবে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
পুলিশ বাহিনীতে সর্বশেষ সমন্বয়ক পদে দায়িত্ব পালনকারী ফণীভূষণ চৌধুরীর শেষ কর্মস্থল ছিল বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। সেখানে সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৬ মার্চ তিনি মারা যান।
স্মরণসভায় পিএসসির সদ্য সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, নির্ভেজাল ও মিষ্টভাষী ফণীভূষণ যেখানেই কাজ করেছেন, সেখানেই সবাইকে মুগ্ধ করেছেন।
স্মরণসভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা ফণীভূষণকে নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের প্রস্তাব দেন এবং নিজেই তা প্রকাশের দায়িত্ব নেবেন বলে জানান।
সভায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, সাবেক সচিব ইলিয়াস আহমদ, পুলিশের উপমহাপরিদর্শক নওশের আলম, পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত প্রমুখ স্মরণসভায় অংশ নেন। স্মরণসভাটি সঞ্চালনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বনমালী ভৌমিক।
স্মরণসভার পাশাপাশি গতকাল ঢাকেশ্বরী মন্দিরে প্রয়াত ফণীভূষণের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।