ফতুল্লা ও কালিয়াকৈরে ১১০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলছে। গতকাল সোমবার ফতুল্লা শিল্পাঞ্চলের ধর্মগঞ্জ ও মুসলিমনগর এলাকায় প্রায় ২০০ এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ৯২০টি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা অঞ্চলের সহকারী কমিশনার (এসি ল্যান্ড) জাকির হোসেনের নেতৃত্বে তিতাস গ্যাসের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক শাহীরুল ইসলাম জানান, ফতুল্লার ধর্মগঞ্জ, মুসলিম নগরসহ বিভিন্ন এলাকায় কয়েক শ পরিবার অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়ে ব্যবহার করছে। গতকাল সোমবার তিতাস গ্যাসের মূল পাইপ লাইনের সঙ্গে সংযোগ করা অবৈধ প্রায় তিন হাজার ফুট পাইপ উপড়ে ফেলা হয়। এতে দেড় থেকে দুই শ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে গাজীপুরের নির্বাহী হাকিম জেসমিন নাহারের নেতৃত্বে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তারা গতকাল কালিয়াকৈর উপজেলার ছয়টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার চন্দ্রা, রসুলপুর, ডাইনকিনি, উলুসারা ও হাবিবপুর এলাকার ৯২০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস কোম্পানির কালিয়াকৈর চন্দ্রা অঞ্চলের ব্যবস্থাপক সুরুজ আহম্মদ জানান, অভিযানের সময় প্রায় ১২ হাজার মিটার পাইপ তুলে ফেলা হয়। এতে ৯২০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর আগে গত রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৮৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ছয় হাজার মিটার পাইপ উচ্ছেদ করা হয়েছে। অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে।