ফতুল্লা ও কেরানীগঞ্জে দুজন খুন
নারায়ণগঞ্জের ফতুল্লা ও ঢাকার কেরানীগঞ্জে দুজন খুন হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফতুল্লার কোতালেরবাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৯) ও দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার মায়া রানী সাহা ওরফে মরি (৬৫)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কোতালেরবাগের মহিউদ্দিনের বাড়িতে চুরি করতে ঢোকে সাইফুল ইসলাম ও ইনসান। টের পেয়ে সোহাগ বাধা দিলে চোরেরা তাঁকে ছুরিকাঘাত করে। এ সময় সোহাগকে বাঁচাতে এলে আরও দুজনকে ছুরিকাঘাত করা হয়। আশপাশের লোকজন দুটি ছুরিসহ সাইফুল ও ইনসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়। আটক দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন সোহাগের ছোট ভাই আপন।
স্থানীয় ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ জানায়, অবিবাহিত মায়া রানী শুভাঢ্যার পূর্বপাড়া এলাকার একটি পুরোনো বাড়িতে একাই থাকতেন। গতকাল সকালে স্থানীয় লোকজন তাঁর সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখেন, মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় মেঝেতে লাশ পড়ে আছে। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেপাঠায়।
মায়া রানীর প্রতিবেশী তৈয়ব আলী (৫০) বলেন, ‘আমার জানামতে, তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে কল থেকে পানি নিতে দেখেছি।’
মায়া রানীর মামাতো ভাই বাসুদেব সাহা বলেন, ‘তিনি (মায়া রানী) খুব নিরীহ মানুষ ছিলেন। ঝগড়াবিবাদ পছন্দ করতেন না। কিন্তু কারা যেন তাঁকে নির্মমভাবে মেরে ফেলেছে।’
বাসুদেব জানান, মায়া রানীর বাবার নাম নগেন্দ্র কুমার সাহা। তাঁর মৃত্যুর পর পৈতৃক সূত্রে বিপুল সম্পত্তির মালিক হন মায়া রানী।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মাহবুব মোর্শেদ জানান, মায়া রানী সাহা অনেক সম্পত্তির মালিক ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সম্পত্তির লোভেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে।