ফতুল্লা ও সিরাজদিখানে সাড়ে চার শ টেঁটা ও বল্লম উদ্ধার
নারায়ণগঞ্জ সদর ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সাড়ে চার শ টেঁটা ও বল্লম উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শরফুদ্দীন বলেন, গতকাল সকালে তাঁর নেতৃত্বে ফতুল্লা মডেল থানা ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার শতাধিক পুলিশ নদীবেষ্টিত বক্তাবলী আকবর নগর ও সিরাজদিখান থানার সীমানাসংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় আকবরনগর এলাকা থেকে দেড় শ টেঁটা ও বল্লম উদ্ধার করা হয়। একই অভিযানে সিরাজদিখান থানার পুলিশ তাদের অংশ থেকে প্রায় তিন শ টেঁটা ও বল্লম উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় ১০ জন। এ ছাড়া প্রতিপক্ষ সামেদ আলীর লোকজন আলী হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ লুটপাট করে এবং পাঁচটি ঘরে আগুন দেয়। এ ঘটনার জের ধরে পুলিশ ওই অভিযান চালায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।