ধর্মভিত্তিক দলগুলোর ডাকা গত ১০ জুলাইয়ের হরতালের সময় নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকেটারদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানার দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন সহকারী পুলিশ সুপার রিয়াজুল কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনুল হক।জানা গেছে, ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দুই কর্মকর্তারা বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এ নির্দেশ পাঠানো হয়। জেলা পুলিশ সুপার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ সুপার শেখ নাজমুল আলম গতকাল রাতে জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মভিত্তিক দলগুলোর ডাকা ৩০ ঘণ্টার হরতালের প্রথম দিন ১০ জুলাই সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুলা থানার পঞ্চবটী মোড়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইদুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল। এএসপি রিয়াজুল কবির ও ওসি আইনুল হকও সেখানে ছিলেন। এ সময় দু-তিন শ হরতাল-সমর্থক লাঠিসোঁটা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।