ফতুল্লা থানার এসআইয়ের বিরুদ্ধে ওসির জিডি
পেশাগত দায়িত্ব পালনকালে শৃঙ্খলা ভঙ্গ, অশোভন আচরণ ও অন্যায় তদবির করার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামের বিরুদ্ধে জিডি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক এই জিডি করেন।পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক কাজের জন্য প্রায় ২০ লাখ টাকার দরপত্র আহ্বান করে জেলা পরিষদ। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। নিরাপত্তার জন্য এসআই রবিউল ইসলামের নতৃত্বে পুলিশের একটি দল পাঠানো হয় শহরের চাষাঢ়ার চাঁদমারী এলাকায় অবিস্থত জেলা পরিষদ কার্যালয়ে। রবিউল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেনের কক্ষে গিয়ে তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন এবং দরপত্রের খুঁটিনাটি বিষয়ে জানতে চান। একপর্যায়ে তিনি দরপত্র জমা দিতে আসা কয়েকজন ঠিকাদারের পক্ষ নিয়ে তদবির করেন। মেরাজ হোসেন রবিউলকে তাঁর পেশাগত দায়িত্ব ছাড়া অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ না করার অনুরোধ করেন। তখন রবিউল উত্তেজিত হয়ে মেরাজ হোসেনকে উদ্দেশ করে আপত্তিকর কথা বলেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাৎক্ষণিকভাবে রবিউলকে জেলা পরিষদ কার্যালয় থেকে প্রত্যাহার করে ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।ওসি আইনুল হক বলেন, এসআই রবিউলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।