ফতুল্লা থেকে অপহৃত শিশু চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত শিশু ইয়ামিন আলীকে (৬) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও ইয়ামিন আলীর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লক্ষ্মীনগর গ্রামের ইটভাটার ঠিকাদার আবদুল মতিনের ছেলে ইয়ামিন আলী অপহৃত হয়। বৃহস্পতিবার সকালেই অপহরণকারীরা মুঠোফোনে ফোন করে আবদুল মতিনের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
অপহৃতের বাবা আবদুল মতিন এ ব্যাপারে ফতুল্লা থানায় বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন। ফতুল্লা থানা পুলিশ এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে পুলিশ জানতে পারে অপহৃত শিশুটিকে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে আটকে রাখা হয়েছে। অনুসন্ধানের ওই তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ দেবীনগরের তাজেমুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ও ইয়ামিন আলীকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন প্রথম আলোেক জানান, এই অপহরণের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের ইলাশামারী গ্রামের জাহাঙ্গীর ও এমদাদসহ কয়েকজন জড়িত। তাঁরা ফতুল্লার একটি ইটভাটায় কাজ করতেন। অপহৃতের বাবা আবদুল মতিন ওই ইটভাটার ঠিকাদার ছিলেন। জাহাঙ্গীর ও এমদাদকে গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাচ্ছে পুলিশ।