ফতুল্লায় গ্যাসের তিন শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউটশন কোম্পানি লিমিটেড। এ সময় তিন শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন এবং মূল লাইন থেকে অবৈধভাবে টানা এক হাজার ফুট পাইপলাইন অপসারণ করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা অঞ্চলের সহকারী কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে তিতাস গ্যাসের কর্মকর্তারা গতকাল দুপুরে সদর উপজেলার দাপা ইদ্রাকপুর, নন্দলালপুর, পিলকুনী, মুসলিম নগরসহ বেশ কয়েকটি এলাকায় এই অভিযান চালান।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউটশন কোম্পানি লিমিটেড ফতুল্লা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শাহীরুল ইসলাম জানান, ফতুল্লা শিল্পাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় একটি চক্র গ্রামবাসীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে রাতের আঁধারে অবৈধভাবে গ্যাস-সংযোগ দিয়েছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে দাপা ইদ্রাকপুর এলাকায় মূল লাইন থেকে অবৈধভাবে টানা এক হাজার ফুট পাইপলাইন অপসারণ করা হয়। এতে নন্দলালপুর, পিলকুনী, মুসলিম নগরসহ বেশ কয়েকটি এলাকার তিন শতাধিক আবাসিক বাড়ির গ্যাস- সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁদের এই সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে।