ফতুল্লায় পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে আমিনুল ইসলাম সাকিব (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
সাকিব ফতুল্লা গাবতলী টাগারপাড় আল আমিনবাগ এলাকার নূর ইসলামের ছেলে। সে ইসদাইর বারেয়া হোসেন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
সাকিবের বাবা নূর ইসলাম প্রথম আলোকে জানান, সদ্য কেনা একটি টেনিস বল নিয়ে খেলতে গতকাল দুপুরে বাড়ি থেকে বের হয় সাকিব। এর পর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় আজ সকালে তিনি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে দুপুরে টাগারপাড় এলাকার দক্ষিণ দিকের একটি পুকুরে স্থানীয় এক নারী গোসল করতে নামলে তিনি সাকিবের লাশের অস্তিত্ব টের পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাকিব পুকুরের পানিতে ডুবে মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।