ফতুল্লায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও পোশাকশ্রমিককে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানাধীন দুটি এলাকায় গত সোমবার রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও এক পোশাকশ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন।
একটি ঘটনায় বেসরকারি আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের নারায়ণগঞ্জ শাখার পরিচালক ও জয়বাংলা সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি কামরুজ্জামান ওরফে বুলেটের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি আত্মগোপন করায় তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে সজল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ফতুল্লা মডেল থানায় মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। তিনি একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি শহরের চাষাঢ়া শহীদ জিয়া হলের পেছনে আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটির নারায়ণগঞ্জ ক্যাম্পাসে এলএলবিতে পড়াশোনা করছেন। গত সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত তিনি ক্লাস করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের পরিচালক কামরুজ্জামান তাঁকে কিছু কাগজপত্রে স্বাক্ষর করার কথা বলে শহরের আল্লামা ইকবাল রোডে (কলেজরোড) বিশ্ববিদ্যালয়ের তথ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কামরুজ্জামান তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ আসামি কামরুজ্জামানকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
একই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সজল ওই তরুণীকে ভালো একটি পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখান। সোমবার রাতে তাঁকে শহরের দেওভোগ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান সজল। সেখানে সজলসহ ছয়জন মেয়েটিকে ধর্ষণ করেন। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী সজলকে আটক করে পুলিশে সোপর্দ করে।