ফতুল্লায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরও দুজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে একটি চারতলা ভবনের নিচতলায় বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বেলা দেড়টায় আরমান ফেরদৌস (২৮) ও রাত সাড়ে নয়টায় আসলামের (৩০) মৃত্যু হয়। আসলাম এ ঘটনায় আগে মারা যাওয়া বিদ্যুতের মিস্ত্রি নাসির উদ্দিনের ভাই।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
পার্থ শঙ্কর পাল জানান, আগুনে আসলামের শরীরের ৮০ ও আরমানের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুতের মিস্ত্রি নাসির উদ্দিনের মৃত্যু হয়। নিহত নাসির উদ্দিনের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। অগ্নিদগ্ধ অপর দুজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
গত রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফতুল্লার পঞ্চবটিতে চারতলা ভবনের নিচতলায় ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) কার্যালয়ে বিকট শব্দে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় সাতজন। বিস্ফোরণের আতঙ্কে ভবনের
ওপরের তলার বাসিন্দারা তাড়াহুড়ো করে নামতে গিয়ে শিশু, নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হন। গুরুতর অবস্থায় অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।