ফতুল্লায় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ফতুল্লার পঞ্চবটী এলাকায় সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসেস নামের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের ভবনে ১৫ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনায় আজ বৃহস্পতিবার আরও দুজন নিহত হয়েছেন। এ নিয়ে এই ঘটনায় মোট তিন জনের মৃত্যু হলো।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ আরমান ফেরদৌস ও রাত সাড়ে নয়টার দিকে মোহাম্মদ আসলাম নামের দুই ব্যক্তির মৃত্যু হয়। আরমান ফেরদৌসের শরীরের ৪০ শতাংশ ও আসলামের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁরা দুজনেই ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ঘটনার পর নাসির নামের আরেকজন অগ্নিদগ্ধ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১৫ মার্চ পঞ্চবটী এলাকায় সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসেস নামের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে ছয়তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলা পুড়ে যায়। এতে ছয় জন অগ্নিদগ্ধ হন। তাঁদেরকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা আছে।