ফতুল্লায় ভেঙে ফেলা জমিদার বাড়ি পরিদর্শন মাইনোরিটি ওয়াচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হরিহরপাড়া এলাকায় পুরোনো জমিদার বাড়ি থেকে সংখ্যালঘুসহ ২৫ পরিবারকে উচ্ছেদের খবরে ওই বাড়িটি পরিদর্শন করেছেন মানবাধিকার সংগঠনের নেতারা। আজ মঙ্গলবার দুপুরে মানবাধিকার সংগঠন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। 

ওই সময় সংগঠনের নেতারা উচ্ছেদ হওয়া সংখ্যালঘু পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সময়ে সংগঠনের নেতারা ওই বাড়ির মালিক দাবিদার যুবদলের কর্মী মাসুদুর রহমান মাসুদ, রমযান গংদের কাছে কোন সূত্রে তাঁরা ওই বাড়ির মালিক, তা জানতে চান। তবে তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি।

পরিদর্শনের সময় মানবাধিকার সংগঠনের সভাপতি উচ্ছেদ করা পরিবার এবং এখনো সেখানে বসবাস করছে এমন পরিবারগুলোকে পূর্ণ আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। কোনো প্রভাবশালী মহল তাদের হুমকি দিলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়ার অনুরোধ করেছেন তিনি।

মাইনোরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ জানান, ‘আমরা খুবই মর্মাহত হয়েছি। যেসব প্রভাবশালী ব্যক্তি জমিদার বাড়িটি ভাঙচুর করেছে এবং জমিদার বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাসরত সাধারণ লোকজনদের বাড়িছাড়া করেছে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে তাগিদ দেওয়া হয়েছে।’ এ সময় আইনগতভাবে নিরীহ লোকজনদের পাশে থেকে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও তিনি জানান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খোলা আকাশের নিচে বসবাস করছে উচ্ছেদকৃত নিরীহ সংখ্যালঘু পরিবারগুলো। না খেয়ে অতিকষ্টে দিনযাপন করছে তারা। এ ছাড়া ভূমিদস্যুদের অব্যাহত হুমকিতে আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে তারা।

এ ঘটনার পর দেশের বিভিন্ন স্থান থেকে মানবাধিকার সংগঠন থেকে শুরু করে দায়িত্বশীল অনেকে ঘটনাস্থল পরিদর্শন করলেও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কাউকে দেখা যায়নি। ভূমিদস্যুরা প্রভাবশালী হওয়ার কারণে সংগঠনটি সাধারণ সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়নি বলেও অনেকে অভিযোগ করেছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা গোপীনাথ বলেন, ‘আমি এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। এ বিষয়ে নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঐতিহ্যবাহী ১৫০ বছরের পুরোনো জমিদার বাড়ি দখলে নেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতাসহ নয় প্রভাবশালী ব্যক্তি। ১৯৭১ সালের আগে থেকে বসবাস করা ২৫টি পরিবারকে উচ্ছেদ করে গত শনিবার দুপুরে স্থানীয় প্রভাবশালী একটি দল বাড়িটি তাদের দখলে নেওয়ার ব্যর্থ চেষ্টা চালায়। বসবাস করা ২৫টি পরিবারের মধ্যে ১৫টি হিন্দু ও ১০টি মুসলমান পরিবার। ১০ বিঘা জমির মধ্যে একটি লোকনাথ মন্দির ও দেড় শ বছরের পুরোনো ১৫টি বহুতল ভবন ছিল। প্রভাবশালীদের ভয়ে বসবাসকারীরা কেউ টুঁ-শব্দ করতে না পারলেও এলাকাবাসীর মধ্যে উচ্ছেদ নিয়ে সমালোচনা চলছে। তবে দখলকারীদের দাবি, তাঁরা ক্রয়সূত্রে এই সম্পত্তির মালিক।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নাসির জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুরোনো ভবন ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা থানায় এজাহার দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।