নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার কারখানায় ভাঙচুর চালিয়েছেন। এ সময় তাঁরা কারখানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আরও পুলিশ কারখানায় গেলে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পঞ্চবটীর পাইওনিয়ার সোয়েটার কারখানার শ্রমিকেরা কিছুদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১৩ দফা দাবি জানিয়ে আসছিলেন।
দাবি আদায়ে শ্রমিকেরা গতকাল বিকেলে কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর চালান। তাঁরা কারখানা এলাকায় ১০-১২টি গাছ কেটে ফেলেন। শ্রমিকেরা কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ভেতরে অবরুদ্ধ করে কারখানার ফটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিপেটা করে। পরে তালা ভেঙে কারখানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। পুলিশের লাঠিপেটায় ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের জেলা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেনসহ ১৫ জন আহত হন।
এর প্রতিবাদে শ্রমিকেরা সন্ধ্যা সাতটার দিকে পাগলার আলীগঞ্জে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করেন।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের কেন্দ্রীয় সভাপতি কাউসার আহমেঞ্চদ বলেন, ‘আজ (সোমবার) মালিকপক্ষের সঙ্গে আমাদের পূর্বনির্ধারিত বৈঠক ছিল। কিন্তু কারখানার ছাদে শ্রমিক নির্যাতন করা হচ্ছে—এই গুজবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, পুলিশ কারখানার চেয়ারম্যান, কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্ধার করতে গেলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিপেটা, আটটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।