ফতুল্লায় সিমেন্টের কাভার্ডভ্যানে আগুন
জামায়াতের ডাকা আজ বৃহস্পতিবারের হরতালে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে ভোরে একটি সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। ভাঙচুর করেছেন বেশ কয়েকটি যানবাহন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা কাশিপুর হাটখোলা এলাকায় ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে গার্মেন্টসের ঝুট রেখে তাতে আগুন ধরিয়ে দেন। আগুন দেখে ওই পথ দিয়ে যাওয়া সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যান সেখানে থামলে এতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন হরতালকারীরা। এ সময় তাঁরা আরও চার-পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেন। পরে এলাকার লোকজন গিয়ে কাভার্ডভ্যানের আগুন নেভায়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ভোরে এলাকার মসজিদে নামাজ আদায় করে বের হয়েই কাভার্ডভ্যানটিতে আগুন দেন শিবিরের কর্মীরা। তখনো পুলিশ মোতায়েন না হওয়ার সুযোগটিকে তাঁরা কাজে লাগান। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী তাঁরা স্থানীয় নন, বাইরে থেকে এসেছিলেন।
হরতালকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও স্থানীয় গণপরিবহন চালু রয়েছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।