ফতুল্লার কারখানার আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতুল্লায় ইস্ট এশিয়ান ককস লিমিটেড নামের টায়ার কারখানার গুদামে আজ আগুন লাগে। নারায়ণগঞ্জ, ফতুল্লা, ১২ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো
ফতুল্লায় ইস্ট এশিয়ান ককস লিমিটেড নামের টায়ার কারখানার গুদামে আজ আগুন লাগে। নারায়ণগঞ্জ, ফতুল্লা, ১২ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইস্ট এশিয়ান ককস লিমিটেড নামের একটি টায়ার কারখানার গুদামে আজ আজ বুধবার সকালে আগুন লাগে। এতে ওই কারখানার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে ইস্ট এশিয়ান ককস লিমিটেড কারখানার গুদামে আগুনের সূত্রপাত । আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন কারখানার একতলা থেকে দোতলায় ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ওই কারখানার স্টিলের নানা কাঠামো ও মালামাল। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের আতঙ্কে কারখানার থেকে শ্রমিকের বেরিয়ে যান। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে তাদের সঙ্গে ঢাকা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যোগ দিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

টায়ার কারখানার গুদামে লাগা আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের এক কর্মী। নারায়ণগঞ্জ, ফতুল্লা, ১২ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো
টায়ার কারখানার গুদামে লাগা আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের এক কর্মী। নারায়ণগঞ্জ, ফতুল্লা, ১২ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো

ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চলে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। যেহেতু কারখানাটিতে পেট্রোলিয়াম ও রাসায়নিক পদার্থ ব্যবহার হয়, এই কারণে প্রচুর ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।