ফতুল্লার চার ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ফতুল্লার চারটি ইউনিয়নকেও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম কমিটি। অন্যথায় সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছেন কমিটির নেতারা।গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের বাসভবনে জেলা ও শহর বিএনপির নেতাদের সঙ্গে সংগ্রাম কমিটির মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।সভায় সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন তৈমুর আলম খন্দকার, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বিএনপির নেতা সুরুজ্জামান সুরুজ, আক্তার হোসেন, সংগ্রাম কমিটির নেতা স্বপন চৌধুরী, শ ম নুরুল ইসলাম, নূরুল হক চৌধুরী প্রমুখ।বক্তারা বলেন, ফতুল্লা এলাকা শিল্প-বাণিজ্যে সমৃদ্ধ। জেলার গুরুত্বপূর্ণ এই এলাকাকে বাদ দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হলে তা কখনোই ভালো ফল বয়ে আনবে না। ফতুল্লার চারটি ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করে সীমানা নির্ধারণের জোর দাবি জানান তাঁরা।সংগ্রাম কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস বলেন, জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও গোগনগর এই চারটি ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে।