ফতুল্লার রূপসী গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ অব্যাহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রূপসী গার্মেন্টস নামের পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার কারখানার শ্রমিকেরা আরও ১০ দফা দাবিতে কর্মবিরতি ও কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিল্প পুলিশ-৪-এর পরিচালক মাহবুব আলম বলেন, গত রোববারের শ্রমিক অসন্তোষের পর ফতুল্লার লামাপাড়া এলাকার রূপসী গার্মেন্টসের শ্রমিকেরা সোমবার আরও ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে, প্রতি মাসের ৪-৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ ও ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সমস্যার সমাধানের আশ্বাস দিলেও তাঁরা মানতে রাজি হননি। তিনি বলেন, সোমবারও কারখানাটিতে কোনো উৎপাদন হয়নি। আলোচনা করে সব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রূপসী গার্মেন্টসের এক শ্রমিক অন্য জায়গায় চাকরি নেওয়ার পর তাঁর পাওনা পরিশোধ নিয়ে কারখানাটিতে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। গত রোববার ৩৪ শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এই ঘটনায় শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।