ফতুল্লার শ্রমিক-অধ্যুষিত এলাকার সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকারখানা-অধ্যুষিত নারায়ণগঞ্জের ফতুল্লার প্রধান সড়কগুলোর অবস্থা একেবারেই বেহাল। অধিকাংশ সড়কজুড়েই বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়। ফলে সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ফতুল্লায় রপ্তানিমুখী গার্মেন্টসসহ ছোট-বড় বহু শিল্পকারখানা রয়েছে। কারখানা ঘিরে আশপাশের এলাকায় শ্রমিকদের বসতি গড়ে উঠেছে। এসব বসতির আশপাশে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের হোটেল। কিন্তু বেশির ভাগ সড়ক ভাঙাচোরা হওয়ায় শ্রমিকদের হেঁটে চলাচল করা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
ফতুল্লার প্রধান সড়কগুলোর মধ্যে পোস্ট অফিস-শিবু মার্কেট সড়ক, এলজিইডি নারায়ণগঞ্জ অফিসের বিপরীতে হোসেন সরদার রোড, চাঁদমারী ডিসি অফিস-ওয়াপদাপুল সড়ক, চাঁদমারী-ইসদাইর-সস্তাপুর-উপজেলা কমপ্লেক্স সড়ক ও শিবু মার্কেট-কায়েমপুর সড়ক উল্লেখযোগ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) গ্রামীণ অবকাঠামো হিসেবে রিকশা, ভ্যান, হালকা যানবাহন চলাচলের জন্য এসব সড়ক নির্মাণ করেছিল। সড়কের পাশে কোনো পয়োনিষ্কাশনের নালাও রাখা হয়নি। সময়ের বিবর্তনে এসব সড়কের দুই পাশে বহু শিল্পকারখানা গড়ে উঠেছে। বর্তমানে কারখানাগুলোতে পণ্য আনা-নেওয়ার জন্য শুধু বড় কাভার্ড ভ্যান নয়, ভারী কনটেইনারও চলাচল করছে। ফলে সড়কগুলো অল্প সময়েই ভাঙাচোরা হয়ে গেছে। সড়কের দুই পাশের ডোবা ভরাট করে স্থাপনা নির্মিত হওয়ায় পানি নির্গমনের পথও বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি জমে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
ফতুল্লার কায়েমপুরের একটি তৈরি পোশাক কারখানার মেশিন অপারেটর হামিদা বেগম বলেন, তাঁর বাসা কারখানা থেকে এক কিলোমিটার দূরে। সকালে, দুপুরে ও রাতে তাঁকে হেঁটে বাসা থেকে কারখানায় আসা-যাওয়া করতে হয়। কিন্তু রাস্তার দুরবস্থার কারণে চলাচল করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, শিল্প ও শ্রমিক অধ্যুষিত ফতুল্লার প্রধান সড়কগুলোতে শুধু গরিব শ্রমিক নয়, বিদেশি ক্রেতারাও চলাচল করেন। ময়লা, কাদা পানিতে হেঁটে শ্রমিকদের পথ চলতে হচ্ছে। লাখ লাখ মানুষ প্রতিদিন এসব সড়ক ব্যবহার করলেও কর্তৃপক্ষ তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না।
সড়কগুলোর বিষয়ে জানতে এলজিইডির নারায়ণগঞ্জ কার্যালয়ে ২ ও ৩ অক্টোবর গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউসুল আজম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে পোস্ট অফিস-শিবু মার্কেট সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। তবে গ্রামীণ অবকাঠামো হিসেবে সংস্কার হওয়ায় এসব রাস্তা বেশি দিন টেকে না।