ফতুল্লার স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহেল হত্যা মামলার আট আসামি জেলহাজতে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহেল ওরফে শ্যুটার সোহেল হত্যা মামলার আট আসামিকে গতকাল রোববার জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে গতকাল আসামিরা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক মো. জহিরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আসামিরা হলেন রনি, সেন্টু, খেলাফত হোসেন ওরফে ডাকাত সর্দার রাজু, কানা সুমন, মামুন চৌধুরী, পাভেল, আবুল ও আবদুল।কোর্ট ইন্সপেক্টর মেজবাহউদ্দিন জানান, আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, গত ১৯ মার্চ ফতুল্লার দাপা এলাকায় সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহেলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলিও চালায়। গুরুতর আহত সোহেলকে শহরের খানপুরের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেলের বড় ভাই আবদুর রহমান ফতুল্লা মডেল থানায় মামলা করেন।