ফতুল্লায় অগ্নিকাণ্ড ৫৫ দোকান পুড়ে গেছে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে পাঁচটি মার্কেটের প্রায় ৫৫টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি বলে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা দাবি করেছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লা বাজারের একটি মার্কেটের একটি দোকান থেকে দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে তা অন্যান্য মার্কেটেও ছড়িয়ে পড়ে। টিনশেডের মার্কেটে আগুন লাগায় আগুনের শিখা ৪০-৫০ ফুট ওপরে উঠে যেতে দেখা যায়। পুড়ে যায় কাপড়, প্রসাধনসামগ্রী, আসবাব, টিনের, খাবার হোটেলসহ ৫৫টি দোকান। পুড়ে যাওয়া দোকানগুলোর বেশির ভাগই কাপড়ের দোকান। এই ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় পঞ্চবটি থেকে পাগলা পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন । ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক জাকির হোসেন ও জামাল চৌধুরী জানান, ঈদের ছুটির কারণে তাঁদের বেশির ভাগ দোকান বন্ধ ছিল। আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। দোকান বন্ধ থাকায় অনেকের পক্ষে মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু দোকান মালিক মালামাল বের করে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা লঞ্চঘাটের সামনে মালামাল জড়ো করলে কিছু দুর্বৃত্ত সেখান থেকে থানকাপড় ও শাড়ি লুটপাটের চেষ্টা চালায়। পরে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।পুড়ে যাওয়া শাহরিয়ার ক্লথ স্টোরের মালিক সাহাবুদ্দিন জানান, তাঁর নগদ ৭৫ হাজার টাকা ও ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তাসনিয়া ক্লথ স্টোরের মালিক রফিকুল ইসলাম জানান, তাঁর দোকানে থাকা ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শাহীন চৌধুরীর মার্কেটের মুন্সি বস্ত্রালয়, ফাতেমা বস্ত্রালয় ও মমতাজ বস্ত্রালয়ের ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে এই তিন দোকানের মালিকেরা দাবি করেছেন।জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাশে জেলা পরিষদের জায়গায় এই মার্কেটগুলো গড়ে উঠেছে। একসময় লিজ দেওয়া হলেও কয়েক বছর ধরে নবায়ন করা হয়নি। নারায়ণগঞ্জ্র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।