ফতুল্লায় আগুন: অর্ধশতাধিক বস্তিঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লার মেঘনা ও যমুনা জ্বালানি তেলের ডিপোর পাশে বস্তিতে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশের অবস্থিত মেঘনা ও যমুনা জ্বালানি তেলের ডিপোর পাশের বস্তিতে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ডিপো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ‘দুটি জ্বালানি তেলের ডিপোর সামনে আগুন লাগায় আমরা আতঙ্কে ছিলাম। ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে স্বস্তি ফিরে আসে। একজন অগ্নিদগ্ধ হয়েছে।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মমতাজ উদ্দিন জানান, ‘আগুনের খবর পেয়ে আমাদের ৪টি এবং ঢাকা থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে এনে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে তা বলা যাবে।’