ফতুল্লায় আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল শনিবার বসতঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন৷ এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ অগ্নিদগ্ধ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ফতুল্লার বাড়ৈরভোগ নূর মসজিদসংলগ্ন আজিজার রহমানের বাড়ি৷ গতকাল তাঁর ওই টিনশেড বাড়িতেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন গৃহকর্তা আজিজার রহমান (৬০), তাঁর স্ত্রী তবিরন বেগম (৫৫), মেয়ে তানিয়া আক্তার (১৬), তন্বী আক্তার (১২), তকিরন (৯) ও নাতনি মাহমুদা আক্তার (৭)। তানিয়া ও তন্বী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে।
আজিজার রহমানের অপর মেয়ে সুরভী আক্তার জানান, ভোররাত সাড়ে চারটার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। এর পরই দেখেন ঘরে আগুন জ্বলছে। তবে কী বিস্ফোরিত হয়েছে, তা তিনি জানেন না। পরে তিনি ও প্রতিবেশীরা ছুটে গিয়ে অগ্নিদগ্ধদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন৷ পরে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে৷
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর জন্য আগুন ধরানো কোনো কিছু থেকে এ আগুনের সূত্রপাত। পরে আগুনের তাপে ঘরে থাকা কোনো কিছু বিস্ফোরিত হয়ে থাকতে পারে।
ঢাকা মেডিকেল প্রতিবেদক জানান, হাসপাতালের বার্ন ইউনিটের দোতলায় আজিজার, তাঁর ছেলে তকিনুর ও নাতিন মাহমুদাকে ভর্তি করা হয়েছে। আর তৃতীয়তলায় ভর্তি করা হয়েছে আজিজারের স্ত্রী তবিরন এবং মেয়ে তানিয়া ও তন্বীকে।
সন্ধ্যায় বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, ওই ছয়জনের সারা গায়ে ব্যান্ডেজ। তাঁদের পাশে আহাজারি করে চলেছেন স্বজনেরা। বৃদ্ধ আজিজার জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। আগুনে পুড়ে পুরো মুখ কালো হয়ে গেছে তাঁর। পাশের দুই বেডে বেঘোরে ঘুমাচ্ছিল তকিনুর ও মাহমুদা। তৃতীয় তলায় থাকা তানিয়া যন্ত্রণায় এদিক ওদিক ফিরছে। আর অনেক কষ্টে চোখ খুলে স্বজনদের দেখছিলেন তবিনর। অন্য পাশে এদিক ওদিক তাকিয়ে যন্ত্রণা লাঘব করার চেষ্টা করছিল তন্বী।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, আজিজারের শরীরের ৭০ শতাংশ, তবিরনের ১৮ শতাংশ, তানিয়ার ২২ শতাংশ, তন্বীর ২০ ভাগ, তকিনুরের ২৭ শতাংশ ও মাহমুদার ৩০ শতাংশ পুড়ে গেছে।