নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগের সাংসদ সারাহ্ বেগম কবরী অভিযোগ করেছেন, সাবেক সাংসদ শামীম ওসমান এলাকার উন্নয়নকাজে নানাভাবে বাধা দিচ্ছেন। শামীম ওসমানের ‘সন্ত্রাসী বাহিনী’ নানা অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে ফতুল্লার ডিআইটি বালুর মাঠে আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে কবরী এসব অভিযোগ করেন।কবরী বলেন, ‘গত এক বছর আমি এলাকার সার্বিক উন্নয়নে সচেষ্ট ছিলাম। কিন্তু শামীম ওসমানের ক্যাডার চেঙ্গিস, মোকতার, নিজাম, পারভেজসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী এলাকার ফুটপাত থেকে শুরু করে পরিবহন সেক্টরে চাঁদাবাজি, গার্মেন্টসের ঝুট ব্যবসা, চোরাই তেল, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রভৃতি ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করছে।’একই সঙ্গে কবরী অভিযোগ করেন, শামীম ওসমানের বড় ভাই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান সেখানে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভীকে উন্নয়ন কর্মকাণ্ড এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সাংসদ এস এম আকরাম ও শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে দলীয় কর্মকাণ্ড চালাতে দিচ্ছেন না। আওয়ামী লীগের দুঃসময়ে আকরাম, আইভী ও আনোয়ারের মতো যেসব ত্যাগী নেতা-কর্মী দলের হাল ধরেছিলেন, তাঁদের ওপর এখন নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে।কবরী বলেন, ‘কোনো বিশেষ পরিবারের সন্ত্রাসীর হাতে নারায়ণগঞ্জবাসীকে জিম্মি হতে দেওয়া হবে না। জনগণই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উদ্যাপন কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এস এম আকরাম, সেলিনা হায়াত আইভী, আনোয়ার হোসেন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দলের নেতাদের প্রতি অভ্যন্তরীণ কোন্দল ও কাদা ছোড়াছুড়ি বন্ধ এবং কবরীকে সহযোগিতার জন্য শামীম ওসমানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে কাজ করুন। কোন্দলে লিপ্ত হলে তা নিজেদের পায়ে কুড়াল মারার শামিল হবে।’জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরাম বলেন, একটি বিশেষ গোষ্ঠীর মদদে নারায়ণগঞ্জে এখনো নীরব চাঁদাবাজি চলছে। ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করা হচ্ছে।