নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁয়ে গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। ফতুল্লায় একটি ডাইং কারখানার গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোনারগাঁয়ে ইউনিক প্রপার্টিজ লিমিটেডের একটি মাটি খননযন্ত্র (এস্ককাভেটর) জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ ছাড়পত্র ছাড়া তিন বছর ধরে একটি ডাইং কারখানা স্থাপন এবং পরিচালনা করে শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে গত ১৬ জানুয়ারি কারখানা বন্ধের আদেশ দেওয়া হলে তা বন্ধ করা হয়। কারখানার মালিক পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এনফোর্সমেন্ট অভিযানের আদেশের বিরুদ্ধে আপিল করে জরিমানার টাকা মওকুফের আবেদন জানান। আপিল দায়েরের সুবাদে কারখানার মালিক বেআইনিভাবে গোপনে উৎপাদন এবং শীতলক্ষ্যায় বর্জ্য ফেলা শুরু করেন। গতকাল পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও পুলিশের একটি সমন্বিত দল কারখানার আকস্মিক অভিযান চালায়। এ সময় তাৎক্ষণিকভাবে কারখানার গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে প্রতারণার অপরাধে কারখানা মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিবেশ অধিদপ্তর সোনারগাঁয়ে ইউনিট প্রপার্টিজ লিমিটেডে অভিযান চালিয়ে এস্ককাভেটর জব্দ করে। একই সঙ্গে ভূমি উন্নয়নকাজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১১ সালের অক্টোবর মাসে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে ইউনিক প্রপার্টিজ লিমিটেডের বেআইনি আবাসন প্রকল্প ‘সোনারগাঁও রিসোর্ট সিটি’-এর কার্যক্রম বন্ধ করে দেয়।