ফতুল্লায় ওষুধের দোকানে বিস্ফোরণ, পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল সোমবার ভোরে একটি ওষুধের দোকানে বিস্ফোরণ ঘটে। এতে দোকানের পাশের একটি বাড়িতে আগুন ধরে যায়। এতে নারী, শিশুসহ পাঁচজন আহত হয়। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ভোরে ফতুল্লার পূর্ব সেহাচর লাল খাঁ বাজার এলাকার আনোয়ার হোসেনের ওষুধের দোকানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দোকানের সামনের অংশের দেয়াল ধসে পড়ে এবং দোকানের পাশের একটি বাড়িতে আগুন ধরে যায়। ওই বাড়িতে থাকা সেলিনা বেগম (৪০), তাঁর মেয়ে পপি (১৭) ও ছেলে অনিক মিয়া (১২) আহত হন। এ ছাড়া ওষুধের দোকানের কাছে থাকা দারোয়ান আবদুর করিম (৫০) এবং এলাকার বারেক (৪০) আহত হন। এঁদের মধ্যে গুরুতর আহত সেলিনা, পপি, অনিক ও করিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।