ফতুল্লায় কারখানা লে-অফ শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার পিঠালীপুল এলাকায় অবস্থিত প্যারাডাইজ কেব্লস কারখানা গতকাল সোমবার লে-অফ (সাময়িক বন্ধ) ঘোষণা করায় ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। প্রতিষ্ঠানের প্রায় চার-পাঁচ শ শ্রমিক কারখানা চালুর দাবিতে বিক্ষোভ করেন। তবে মালিকপক্ষের দাবি, কয়েকজন কর্মকর্তাকে অহেতুক মারধর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।শ্রমিক মশিউর ও জাকির জানান, ফতুল্লার পিঠালীপুল প্যারাডাইজ কেব্লস কারখানায় ছয় শতাধিক শ্রমিক কাজ করেন। কিছুদিন ধরে শ্রমিকেরা নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই দেওয়া, শ্রমিকদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি, বাত্সরিক মুনাফার ১০ শতাংশ বোনাস, সরকারি নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি চালু, ওভারটাইমের মজুরি বৃদ্ধি, শ্রমিক নির্যাতন এবং ছাঁটাই বন্ধ, শ্রম আইন অনুযায়ী ছুটি দেওয়া, নারীশ্রমিকদের মাতৃত্বকালীন খরচ ও বেতনসহ ১৬ সপ্তাহ ছুটি, শ্রমিকদের দুই ঈদে বেতনের সমপরিমাণ বোনাস দেওয়া এবং শ্রম আইন অনুযায়ী সব সুবিধার দাবিতে আন্দোলন করে আসছিলেন। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার গেটে লে-অফের নোটিশ দেখতে পান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (প্রশাসন) কামরুজ্জামান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বেশ কিছুদিন ধরে ফ্যাক্টরির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ফ্যাক্টরির ভেতর সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ায় ফ্যাক্টরির উত্পাদন এবং সব কাজ পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।কারখানা লে-অফের নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শ্রমিকদের অভিযোগ, সামান্য বেতন দিয়ে তাঁদের কোনোমতে দিনাতিপাত করতে হচ্ছে। তাই তাঁরা বেতনসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু ১০ দিনেও তাঁদের দাবি মেনে নেওয়া হয়নি। প্যারাডাইজ কেব্লসের প্রশাসনিক কর্মকর্তা (উত্পাদন) শাহরিয়ার হোসেন অভিযোগ করেন, রোববার প্রতিষ্ঠানের এক ব্যবস্থাপককে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক মারধর করেন। শ্রমিকেরা প্রতিষ্ঠানের নিয়মনীতি ভঙ্গ করে নানা অজুহাতে পরিস্থিতি ঘোলাটে করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রতিষ্ঠান লে-অফ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই কারখানা পুনরায় চালু করা হবে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।