নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ লাশটি উদ্ধারের পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে।
মেয়েটির নাম মর্জিনা আক্তার (১৪)। সে ফতুল্লার দাপা ইন্দ্রাকপুর এলাকার মজিবরের মেয়ে। এ ঘটনায় এলাকাবাসী মেয়েটির খালা ও খালুকে আটক করে পুলিশে দেয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মর্জিনা ফতুল্লার দাপা ইন্দ্রাকপুর এলাকায় তার খালা আঁখি আক্তার ও খালু স্বপন মিয়ার সঙ্গে থেকে একটি পোশাক কারখানায় কাজ করত। কয়েক দিন ধরে স্বপন মেয়েটিকে মানসিক নির্যাতন করে আসছিলেন। অভিযোগ উঠেছে, শনিবার দিবাগত রাতে স্বপন মর্জিনাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি মেয়েটিকে ধর্ষণ করেন। থানায় অভিযোগ করার হুমকি দিলে স্বপন ক্ষিপ্ত হয়ে মর্জিনাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। রোববার সকালে খবর পেয়ে পুলিশ মর্জিনার লাশ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, আটক ব্যক্তিরা প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।