নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা তালতলা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনির শিকার আরও এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে এ ঘটনায় দুই ছিনতাইকারীর মৃত্যু হলো। গতকাল শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় কালু ও মনির নামের দুই ছিনতাইকারীর মৃত্যু হয়। অপর ছিনতাইকারী শহীদ গুরুতর অবস্থায় চিকিত্সাধীন। ঘটনার দুই দিন অতিবাহিত হলেও পুলিশ ছিনতাই হওয়া ১৯ লাখ টাকা উদ্ধার করতে পারেনি। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় মোল্লা ট্রেডার্সের ক্যাশিয়ার আবদুল মান্নান ও কম্পিউটার অপারেটর রাজু আহম্মেদকে গুলি ও ছুরিকাঘাত করে ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় তাঁদের চিত্কারে জনতা এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে পেটায় এবং তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। উদ্ধার করা হয় সাতটি গুলিভর্তি দুটি রিভলভার। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার জানান, সংঘবদ্ধ চক্রটি শনাক্ত করা ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।