ফতুল্লায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী চর নরসিংহপুর এলাকায় গত শুক্রবার রাতে মাসুদা আক্তার (১৯) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মাসুদার পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী মো. জনি মাসুদাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, মাসুদার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাসুদার চাচা বাবুল থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে মাসুদার শ্বশুরবাড়ির লোকজন পলাতক।নরসিংহপুর এলাকায় মাসুদার বাবা আবদুস সালাম মোল্লা জানান, আট মাস আগে তাঁর মেয়ে মাসুদা ও একই এলাকার মো. জনি প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে জনি পাঁচ লাখ টাকা যৌতুকের দাবি করছিল। যৌতুকের টাকা না দেওয়ায় প্রায়ই মাসুদাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছিল জনি। এ নিয়ে শুক্রবার রাত দুইটার দিকে তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে মাসুদাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাসুদার লাশ উদ্ধার করে।