ফতুল্লায় গ্যাসের চুল্লি বিস্ফোরণে আহত ৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনি এলাকায় গতকাল রোববার একটি রি-রোলিং মিলের গ্যাসের চুল্লি বিস্ফোরিত হয়ে তিতাস গ্যাসের তিন কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফতুল্লার পিলকুনি এলাকার এস কে রোলিং মিলের গ্যাসের পাইপলাইনের কাজ করার সময় গ্যাসের চুল্লি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের তিনি কর্মচারীসহ আরও দুজন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের মধ্যে সাইফুল (৪০), বিল্লাল (৩৫) ও ফেরদৌসকে (৩৫) ঢাকায় পাঠানো হয়েছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের ডিউটি অফিসার আওলাদ জানান, তাঁরা এ ধরনের কোনো খবর পাননি।