ফতুল্লায় গ্যাসের দাবিতে ঝাড়ু মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরেই গ্যাস সরবরাহের সংকটে জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে নারায়ণগঞ্জবাসীর অভিযোগ। গ্যাসের এই সংকট দূর করার দাবিতে অবশেষে আজ সোমবার রাস্তায় নেমে এলেন কয়েক শ বাসিন্দা। তাঁরা ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করে সদর উপজেলার ফতুল্লার ভুঁইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে অবরোধ করেন। আধা ঘণ্টা পর পুলিশ গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।

শহরের দেওভোগ মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা গৃহিণী জিন্নাত আরা বলেন, ‘শনিবার রাত থেকেই আমরা গ্যাস পাচ্ছি না। চুলায় এক ফোটাও গ্যাস নেই। আমরা চরম বিপাকে পড়েছি। বাধ্য হয়ে লাকড়ির চুলায় রান্নাবান্না করতে হচ্ছে। শীতে লাকড়ির চুলায় আগুন জ্বালাতেও অনেক ভোগান্তি। কত দিন এই সমস্যা পোহাতে হবে, জানি না।’

ভুঁইগড়ের জ্যোৎস্না বেগম ও জাহানারা নামের দুই গৃহবধূর অভিযোগ, গত বছর থেকেই তাঁরা গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। সংকট কমাতে মোটা পাইপলাইন লাগানো হলেও কোনো সমাধান হয়নি। তাঁরা দুজনই অবিলম্বে গ্যাস সরবরাহের দাবি জানান। আর শহরের ইসদাইর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, গ্যাস না থাকায় বাধ্য হয়ে বেশি দাম দিয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হচ্ছে। এতে মাসিক খরচ বেড়ে যাচ্ছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে গ্যাসের দাবিতে ভুঁইগড় ও আশপাশের এলাকার কয়েক শ নারী-পুরুষ রাস্তায় নেমে আসেন। তাঁরা ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন দিনের মধ্যে গ্যাস সমস্যার সমাধান করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তাঁরা। আধা ঘণ্টা পর পুলিশ গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শরফুদ্দিন বলেন, গ্যাস সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন কয়েক শ এলাকাবাসী। তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কয়েক দিন ধরেই শহরের বাবুরাইল, পাইকপাড়া, নয়াপাড়া, জল্লারপাড়, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া, বাবুরাইল দেওভোগ, নিমতলা, সুতারপাড়া, মণ্ডলপাড়া, টানবাজার, কালিরবাজার, পালপাড়া, দেওভোগ, কাশিপুর, গলাচিপা, নন্দীপাড়া, গোয়ালপাড়া, কলেজ রোড, জামতলা, ইসদাইর, মাসদাইর, গাবতলী, উত্তর চাষাঢ়া, চাঁদমারী, মিশনপাড়া, আমলাপাড়া, ডন চেম্বার, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, পাঠানতলী, হাজীগঞ্জ, গোদনাইল, জালকুড়ি, দক্ষিণ সস্তাপুর, কাঠেরপুল, কোতালেরবাগ, লাল খাঁ, সেহাচর, পাগলা, পঞ্চবটি, ভোলাইলসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট চলছে।

গ্যাস সংকটের প্রতিবাদে আজ সোমবার নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো
গ্যাস সংকটের প্রতিবাদে আজ সোমবার নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো

এ ব্যাপারে তিতাস গ্যাস সরবরাহ ও বিতরণ কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ বিভাগীয় উপমহাব্যবস্থাপক মকবুল আহম্মেদ বলেন, তিতাসের গ্যাস পাইপলাইনে ময়লা থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া ময়লাযুক্ত গ্যাসের কারণে বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ​ উৎপাদনে সমস্যা হয়। গ্যাস পাইপলাইন পরিষ্কার করা হচ্ছে। এ কারণে অনেক এলাকায় ঠিকমতো গ্যাস সরবরাহ হচ্ছে না। দুই থেকে তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।