ফতুল্লায় ট্রাক চাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রাকের চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো ফতুল্লার হরিহরপাড়া আমতলা প্রেম রোড এলাকার জিয়াউর রহমানের ছেলে শাহীন (১৫) ও জালকুঁড়ি এলাকার রংমিস্ত্রি হোসেন মিয়া (৩৫)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বুধবার রাত আটটার দিকে ফতুল্লার জালকুঁড়ি বাসস্ট্যান্ডের সামনে একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার যাত্রী হোসেন মিয়ার মৃত্যু হয়।
ওসি আকতার হোসেন আরও জানান, শিশু শাহীন একটি ক্ষুদ্র পোশাক কারখানায় কাজ করত। কাজ শেষে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফতুল্লার পঞ্চবটী মেথরখোলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক শাহীনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।