ফতুল্লায় ট্রাকস্ট্যান্ডের জন্য জমি ইজারা দেওয়ার ঘোষণা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় একটি ট্রাকস্ট্যান্ড গড়ে তোলার জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন ২২ একর জমি ইজারা দেওয়ার ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের পাগলায় সড়ক পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী এ ঘোষণা দেন।এ ছাড়া পাগলার তালতলায় ভূমি মন্ত্রণালয়ের মালিকানাধীন ১১ একর জমিতে অপর একটি ট্রাকস্ট্যান্ড নির্মাণের ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী। এ দুটি ট্রাকস্ট্যান্ড নির্মিত হলে নারায়ণগঞ্জ-পাগলা-পোস্তগোলা সড়কে যানজট কমবে বলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করেন।ওবায়দুল কাদের বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাগলার মুন্সিখোলা এলাকায় রাস্তার বেশির ভাগ অংশ অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। রাস্তার দুপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা গেলে রাস্তাটি এমনিতেই চার লেনে পরিণত হবে।মন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে যত্রতত্র যানবাহন পার্কিং করে রাখা এবং পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি ও সড়কের বেহাল অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন। সড়ক পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ।