ফতুল্লায় ডাকাতের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রসুলপুর এলাকায় গত বুধবার রাতে ডাকাতদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়েছে। বন্দুকযুদ্ধ শেষে র্যাব দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে একটি করে রিভলবার, গুলি ও চাপাতি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাগলার দেলপাড়া এলাকার বাবু (২২) ও মনির হোসেন (২৫)। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, বুধবার রাত দুইটার দিকে র্যাব-১১-এর সদস্যরা পুরাতন কোর্ট ক্যাম্পের একটি দল ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় টহল দিচ্ছিল। ওই সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। টের পেয়ে র্যাব সদস্যরা চাপাতিসহ বাবুকে আটক করে। অন্য ডাকাতেরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে গ্রেপ্তার করা হয়। অন্য ডাকাতেরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।