নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে একটি ডায়িং কারখানাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার সদর উপজেলার ফতুল্লার কুতুবআইলে অবস্থিত জামাল ডায়িংকে এ জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জরিমানা আদায় করেন এবং তিন মাসের মধ্যে কারখানার বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের অঙ্গীকার নেন। এই সময়ের মধ্যে ইটিপি স্থাপন করা না হলে কারখানার সব যন্ত্রপাতি জব্দ, গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মালিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর জানায়, ১৫ বছর ধরে জামাল ডায়িং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইটিপি ছাড়াই অবৈধভাবে কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। বারবার কারখানার মালিকানায়ও পরিবর্তন হয়। এতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এনফোর্সমেন্ট টিমের অনুসন্ধানে দেখা যায়, এ কারখানা থেকে এযাবৎ ২৬ লাখ লিটার রাসায়নিকমিশ্রিত দূষিত বর্জ্য ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের মধ্য দিয়ে শীতলক্ষ্যা নদীতে মিশেছে। এ ব্যাপারে মুনীর চৌধুরী বলেন, বর্তমানে শীতলক্ষ্যার পানি এতই দূষিত যে তা পুরোপুরি মাছের বেঁচে থাকার, মানুষের ব্যবহারের বা ফসল উৎপাদনের জন্য সম্পূর্ণ অনুপযোগী। মুনীর চৌধুরী বলেন, ‘সিঙ্গাপুরে পানিদূষণের জন্য লাখ লাখ ডলার জরিমানার বিধান রয়েছে। এমনকি কারাদণ্ডেরও বিধান রয়েছে। সিঙ্গাপুরের তুলনায় আমাদের নদনদীর অবস্থা অত্যন্ত ভয়াবহ। সুতরাং দূষণের শাস্তির ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শনের কোনো অবকাশ নেই।’