ফতুল্লায় ডায়িং কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা
বিনিয়োগ বোর্ডে কোনো নিবন্ধন ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং নদীদূষণের অপরাধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডায়িং কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ফতুল্লার নন্দলালপুরের মেসার্স কাকলী ডায়িং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কস লিমিটেড নামের ওই কারখানার মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করেন। সে সঙ্গে পরিবেশ ছাড়পত্র গ্রহণ ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালু না করা পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন। এই নির্দেশ অমান্য করলে কারখানার বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন এবং মালিককে গ্রেপ্তার করা হবে বলেও সতর্ক করে দেন তিনি।অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, এই ডায়িং কারখানার বিনিয়োগ বোর্ডের কোনো নিবন্ধন নেই। পরিবেশ ছাড়পত্রও নেই। সরকারি কোনো দপ্তরের অনুমোদন নেই। কারখানাটি গত ১০ বছরে প্রতিদিন গড়ে দুই টন বস্ত্র ডায়িং করে শীতলক্ষ্যা নদীর দূষণ ঘটিয়েছে।