ফতুল্লায় তুলার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার দুপুরে এনায়েতনগর ইউনিয়নের বাড়ৈভোগ এলাকায় নিট কটন স্পিনিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুপুরে বাড়ৈভোগ এলাকায় অবস্থিত নিট কটন স্পিনিং মিলের তিনতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ওই মিলের গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা পুড়ে যায়। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি দিয়ে শ্রমিকেরা আগুন নেভাতে ব্যর্থ হন। খবর পেয়ে নগরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে, তুলা ভাঙার মেশিনের স্পার্ক (স্ফুলিঙ্গ) বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই কারখানার বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।