ফতুল্লায় দুটি ডাইং কারখানার ২২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদীতে দূষণের অপরাধে নারায়ণগঞ্জের ফতুল্লার দুটি ডাইং কারখানাকে গতকাল সোমবার সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শিল্প বর্জ্যে নদী দূষণের ঘটনা প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানা দুটিকে জরিমানা করা হয়।গতকাল সকালে ফতুল্লার কায়েমপুরে ‘রহমান হোসিয়ারি ডাইং অ্যান্ড ফিনিশিং মিল্স (প্রা.) লিঃ’ এবং কুতুবআইল এলাকায় ‘ফকির নিটওয়্যার লিঃ’ নামের দুটি ডাইং কারখানায় আকস্মিক অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগ। ওই বিভাগের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরুর পর দেখা যায়, দুটি কারখানায় বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) নেই। কারখানার রাসায়নিক মেশানো, অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য নর্দমা দিয়ে স্থানীয় ওয়াপদা খালের মাধ্যমে চলে যাচ্ছে শীতলক্ষ্যা নদীতে। তিন ঘণ্টার এ অভিযানে দুটি কারখানাকে মোট সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকারী দলের অনুসন্ধানে দেখা যায়, ফকির নিটওয়্যার লিমিটেডে ইটিপি স্থাপনের কাজ চলছে এবং রহমান হোসিয়ারি ডাইং কারখানায় ইটিপির কোনো অস্তিত্ব নেই।