নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীর তীরে ইটভাটার দখল করা জায়গা উদ্ধারে গতকাল রোববার থেকে অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন এ অভিযান চালাচ্ছে।বিআইডব্লিউটিএ তাদের মাঝারি নৌযান আম্বর ও এনজেল এবং শ্রমিক নিয়ে বেলা ১১টার দিকে অভিযান শুরু করে। কিন্তু ইটভাটাগুলোর কাছাকাছি নদীতে পানি অল্প হওয়ায় নৌযান দুটি জায়গামতো পৌঁছাতে পারেনি। সড়কপথের অবস্থাও ভালো না হওয়ায় মাটি কাটার কাজে ব্যবহূত এক্সেলেটর মেশিন সেখানে নেওয়া সম্ভব হয়নি। তাই শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি অপসারণ শুরু করেন। এভাবে দিনভর কাজ করে শ্রমিকেরা ডিক্রির চর খেয়াঘাটের পাশে এসএসআর ইটভাটার দখলে থাকা প্রায় এক হাজার বর্গফুট জায়গার মাটি সরাতে সক্ষম হয়। নদী ভরাট করার জন্য বসানো কিছু বাঁশও অপসারণ করেন শ্রমিকেরা। নদীর ভেতের প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গা অবৈধভাবে দখল করে ওই ইটভাটা গড়ে তোলা হয়েছে।অভিযানের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ সালেহীন, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দর অফিসের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম, উপপরিচালক আলমগীর কবীর, নির্বাহী প্রকৌশলী ফরহাদুজ্জামান প্রমুখ। পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নদীর দখলকৃত অংশের মাটি শ্রমিক দিয়ে কেটে নেওয়া হচ্ছে। তবে দখলকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জরিমানা করার ক্ষমতা আমাদের নেই। জরিমানা করবে পরিবেশ অধিদপ্তর।’বিআইডব্লিউটিএর উপপরিচালক আলমগীর কবীর বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের চিঠি দিয়ে নদীর ভেতর থেকে মাটি সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তাঁরা মাটি সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।ফতুল্লার বক্তাবলী খেয়াঘাট থেকে আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর খেয়াঘাট পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে ধলেশ্বরী নদীর তীর দখল করে ২০-২৫টি ইটভাটা গড়ে উঠেছে। বাঁশ পুঁতে বেড়া দিয়ে এর মধ্যে ড্রেজার দিয়ে মাটি ফেলে নদী ভরাট করে দখল করেছেন ইটভাটার মালিকেরা।স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, প্রথম দিনে মাত্র একটি ইটভাটার দখল করা জায়গার এক-পঞ্চমাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ইটভাটার মালিককে কোনো জরিমানা বা শাস্তির ব্যবস্থা করা হয়নি। তাই এ রকম অভিযান চালিয়ে বেদখল হয়ে যাওয়া নদীর জায়গা উদ্ধার আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দিহান এলাকাবাসী।