ফতুল্লায় নাহিদ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক মোহাম্মদ নাহিদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে এবং গতকাল রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে দ্বীন মোহাম্মদ ও সবুজ মিয়া নামের এই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকার পোস্তগোলা এলাকা থেকে দ্বীন মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সবুজ মিয়াকে।তদন্ত কর্মকর্তা আরও জানান, দ্বীন মোহাম্মদ ও সবুজ মিয়াকে গতকাল বিকেলে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর ওই রাতেই পিলকুনী এলাকা থেকে সাগর নামের একজনকে গ্রেপ্তার করা হয়।গত বৃহস্পতিবার রাতে বাসা থেকে ধরে নিয়ে নাহিদকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় শুক্রবার রাতে নাহিদের বাবা মো. আবদুস সাত্তার ফতুল্লা মডেল থানায় মামলা করেন।