ফতুল্লায় নাহিদ হত্যায় জড়িত সন্দেহে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ধরে নিয়ে স্থানীয় যুবক মো. নাহিদকে পিটিয়ে হত্যা করার ঘটনায় জড়িত সন্দেহে সাগর নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সাগর নাহিদ হত্যার মূল সন্দেহভাজন ব্যক্তি খেলাফত হোসেনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বলে পুলিশ দাবি করেছে।নাহিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেল তিনটায় পিলকুনীর বাড়িতে আনা হয়। বাদ আসর ফতুল্লা পাইলট স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। এ সময় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, নিহত নাহিদ অত্যন্ত নিরীহ প্রকৃতির ছেলে ছিলেন। নিয়মিত নামাজ পড়তেন। তিনি বলেন, নাহিদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে তাঁর পরিবারের সদস্যেরা জানিয়েছেন। তবে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল সাংবাদিকদের কাছে নিহত নাহিদ ছাত্রলীগের কর্মী ছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা যখন নাহিদকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়, তখন আমি নিজে থানার ওসিকে বারবার ফোন করে বলেছি পুলিশ পাঠানোর জন্য। কিন্তু পুলিশ পাঠানো হয়নি। পুলিশের অবহেলার কারণেই নাহিদের মৃত্যু হয়েছে।’তবে ওসি আইনুল হক বলেছেন, তাঁকে এ বিষয়ে আগে কেউ কিছু জানায়নি। তিনি বলেন, তাঁরা সাগর নামের একজনকে আটক করেছেন। সাগর প্রধান সন্দেহভাজন খেলাফত হোসেনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বলে তিনি দাবি করেন। নিহত নাহিদের বন্ধু মামুন গতকাল প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসী খেলাফত হোসেন রাজু, আবুল ও রনি এসে বাসা থেকে নাহিদকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে।’