নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগের সাংসদ সারাহ্ বেগম কবরীর গাড়িবহরে হামলার ঘটনার পর গতকাল বুধবার সদর উপজেলার ফতুল্লায় পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে।সাংসদের সমর্থকদের সমাবেশ থেকে ঘটনার জন্য শ্রমিক লীগের নেতা কাউসার আহমেদ ওরফে পলাশকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, শ্রমিক লীগের নেতার অনুসারীরা সমাবেশ করে সাংসদের একান্ত সচিব (পিএস) সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।এদিকে গত মঙ্গলবার সাংসদের গাড়িবহরে হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়েছে। জানা গেছে, ফতুল্লার ডিআইটি মাঠে গতকাল বিকেলে সমাবেশের আয়োজন করেন সাংসদ কবরীর সমর্থকেরা। সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. সালাউদ্দিন, আবদুল আউয়াল, থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, ছাত্রলীগের নেতা আলমগীর প্রমুখ। বক্তারা কবরীর গাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পলাশসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। সভায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।অন্যদিকে, ফতুল্লার আলীগঞ্জ মাঠে গতকাল বিকেলে সমাবেশ করেন জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি কাউসার আহমেদ। তাঁরই সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম আরাফাত, শ্রমিক লীগের নেতা হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীমউদ্দিন প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, কবরীর পিএস হওয়ার পর সিরাজুল ইসলাম ফতুল্লায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জমি দখলসহ একের পর এক ঘটনা ঘটালেও তিনি ধরাছোঁয়ার বাইরে। মঙ্গলবার পুলিশের সামনেই তিনি শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করেন। তাঁকে ফতুল্লায় নিষিদ্ধ ঘোষণা করে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।মঙ্গলবারের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় কবরীর সমর্থক হেলাল ও সেলিম রেজা মঙ্গলবার রাতেই ফতুল্লা থানায় দুটি মামলা করেন। এতে ঘটনার নির্দেশদাতা হিসেবে পলাশ এবং আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।অন্যদিকে, গতকাল দুপুরে সিরাজুল ইসলামসহ নয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের ‘খ’ অঞ্চলের আদালতে অভিযোগ দায়ের করেন শ্রমিক লীগের নেতা কাউসার আহমেদ। বিচারক অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।ফতুল্লা মডেল থানার ওসি জীবনকান্তি সরকার সাংসদ পক্ষের দুটি মামলা ও আদালতের নির্দেশের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।