ফতুল্লায় পুলিশের ওপর হামলার ঘটনায় প্রতিবেদন পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১০ জুলাই হরতালের দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকেটারদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খানসহ ১২ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন দিয়েছে।সূত্র জানায়, তদন্ত কমিটি গতকাল বিকেলে জেলা পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। পুলিশ সুপার প্রতিবেদনটি পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়ার কাছে পাঠিয়ে দিয়েছেন।দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঘটনার সময় এএসপি রিয়াজুল কবির ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হকের দায়িত্বহীনতার কারণে ওই ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হরতাল সমর্থনকারীরা পুলিশের ওপর হামলা করলেও এএসপি রিয়াজুল কবির ও ওসি আইনুল কোনো ব্যবস্থা না নিয়ে সেখান থেকে চলে যান।তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদন পাওয়ার পর ঢাকা রেঞ্জের ডিআইজির কাছে পাঠিয়ে দিয়েছি। প্রতিবেদনে কী বলা হয়েছে, আমি জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা নেবে।’১০ জুলাই হরতালের দিন সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্বরত ছিল। এ সময় সেখানে ছিলেন এএসপি রিয়াজুল কবির ও ওসি আইনুল হক। একপর্যায়ে দুই-তিন শ হরতাল-সমর্থক লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ কর্মকর্তারা তাদের অনুরোধ জানান রাস্তা থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু তারা সরে না গিয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। প্রায় আধ ঘণ্টা তাঁদের অবরুদ্ধ করে মারধর করে হরতাল-সমর্থকরা। এতে অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানসহ ১২ পুলিশ সদস্য গুরুতর আহত হন। সাইদুর রহমান বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া। রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাইদুর রহমানকে দেখতে হাসপাতালে যান। ঘটনা তদন্তে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মেদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।