ফতুল্লায় পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীর পলায়ন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতকড়াসহ পালিয়ে গেছে। শনিবার দিবাগত রাতে ফতুল্লার লামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, শনিবার রাত নয়টার দিকে রশেদ আলী ও বাদশা নামের দুই ব্যক্তি জয়দেবপুর চৌরাস্তা থেকে জাম্বুরা আনার জন্য একটি পিকআপ ভ্যান ভাড়া করে। পরে তারা জাম্বুরার সঙ্গে ফেনসিডিল নিয়ে আসে। রাত আড়াইটার দিকে লামাপাড়া এলাকায় পিকআপ থেকে ফেনসিডিল নামানোর সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাঈদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরানের নেতৃত্বে দুটি দল ঘটনাস্থলে গিয়ে রশেদ আলী ও বাদশাকে ৪৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে হাতকড়া পরায়। এরপর পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটক করার সময় পুলিশের অসতর্কতায় রশেদ ও বাদশা হাতকড়াসহ পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল, পিকআপ ভ্যানসহ এর চালক রাসেল মুন্সী ও তাঁর সহকারী রবিনকে গ্রেপ্তার করে। ওসি জানান, এ ঘটনায় এসআই সাঈদ পালিয়ে যাওয়া দুজনসহ চারজনকে আসামি করে মামলা করেছেন।ওসি আবদুল মতিন বলেন, পালিয়ে যাওয়া দুই মাদক ব্যবসায়ী স্থানীয়। তাদের গ্রেপ্তার করা কঠিন হবে না।